| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেট্রোরেলের যাত্রীসেবা শুক্রবার থেকে বন্ধের ঘোষণা

  • আপডেট টাইম: 11-12-2025 ইং
  • 165006 বার পঠিত
মেট্রোরেলের যাত্রীসেবা শুক্রবার থেকে বন্ধের ঘোষণা

স্বতন্ত্র চাকরি-বিধিমালা (সার্ভিস রুল) প্রণয়ন ও প্রকাশে ধারাবাহিক অবহেলার কারণে পূর্বঘোষিত আলটিমেটাম অনুযায়ী আগামী শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৭টা থেকে সর্বাত্মক কর্মবিরতি ও সব ধরনের যাত্রীসেবা বন্ধের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা। একই সঙ্গে প্রতিদিন ডিএমটিসিএল প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিও পালন করা হবে।

বুধবার (১০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

২০১৩ সালে ডিএমটিসিএল প্রতিষ্ঠার পর ১২ বছর পার হলেও প্রতিষ্ঠানের ৯০০–এর বেশি কর্মকর্তা-কর্মচারীর জন্য এখনো স্বতন্ত্র সার্ভিস রুল চূড়ান্ত হয়নি। ফলে ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল শুরুর পর থেকে উন্মুক্ত নিয়োগে যোগ দেওয়া কর্মীরা ছুটি, সিপিএফ, গ্র্যাচুইটি, শিফট অ্যালাউন্স/ওভারটাইম, গ্রুপ ইনস্যুরেন্সসহ বিভিন্ন মৌলিক সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন বলে অভিযোগ করেছেন।

জানা যায়, ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর উপদেষ্টা কমিটির নির্দেশনা অনুযায়ী ৬০ কর্মদিবসের মধ্যে সার্ভিস রুল প্রণয়নের কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। পরে ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি কর্মচারীরা আন্দোলনে গেলে কর্তৃপক্ষ ২০ মার্চের মধ্যে সার্ভিস রুল চূড়ান্ত করার আশ্বাস দেয়। কিন্তু সেই প্রতিশ্রুতিও বাস্তবায়িত না হওয়ায় দীর্ঘ ৯ মাস ধরে কর্মচারীদের ক্ষোভ বাড়তে থাকে।

গত ১০ ডিসেম্বর ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক কর্মচারীদের সঙ্গে বৈঠকে জানান, সার্ভিস রুলের সব ধারায় পরিচালনা পর্ষদ একমত হলেও ‘বিশেষ বিধান’ সংক্রান্ত ১১তম অধ্যায়ই অন্তরায়। এই অধ্যায়ে মেট্রোরেল প্রকল্পের জনবলকে ডিএমটিসিএলে আত্তীকরণের বিষয় যুক্ত হওয়ায় তা নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছে। কর্মচারীরা দাবি করছেন, বিষয়টি দেশের প্রচলিত আইন ও সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে সাংঘর্ষিক।

তাদের অভিযোগ পরিচালনা পর্ষদ বিতর্কিত বিধান বাদ দিতে আগ্রহী হলেও ডিএমটিসিএল কর্তৃপক্ষের চাপের কারণেই সার্ভিস রুল প্রকাশে বিলম্ব হচ্ছে।

আগে থেকেই কর্মচারীরা ঘোষণা দিয়ে রেখেছিলেন, ৯ ডিসেম্বরের মধ্যে সার্ভিস রুল প্রকাশ না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যেও চাকরি-বিধিমালা চূড়ান্ত না হওয়ায় তারা জানিয়ে দেন ১১ ডিসেম্বরের মধ্যেও অগ্রগতি না হলে ১২ ডিসেম্বর শুক্রবার ভোর ৭টা থেকে সর্বাত্মক কর্মবিরতি শুরু হবে এবং যাত্রীসেবা পুরোপুরি বন্ধ থাকবে।

ডিএমটিসিএলের সার্ভিস রুল জটিলতা নিরসন না হলে রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪