১৩ ডিসেম্বর সল্টলেক স্টেডিয়ামে গ্রেটেস্ট অব অল টাইম কনসার্টে অংশ নেওয়ার জন্য ফুটবল মহাতারকা লিওনেল মেসি আসছেন ভারত সফরে। মেসির আগমন উপলক্ষে পুরো কলকাতা জুড়ে উৎসবের আমেজ। আগামী শুক্রবার ১২ ডিসেম্বর গভীর রাতে তার কলকাতা পৌঁছানোর কথা রয়েছে। অনুষ্ঠানের
উদ্যোক্তা শতদ্রু দত্ত জানিয়েছেন লেক টাউনের মোড়ের কাছে মেসির ৭০ ফুট উচ্চতার মূর্তি হোটেল থেকেই ভার্চ্যুয়ালি উদ্বোধন করবেন মেসি। এই সেই লেক টাউন যেখানে কয়েক বছর আগে স্বাগত জানানো হয়েছিল ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে, তিনিও নিজ হাতে উদ্বোধন করেছিলেন নিজের মূর্তি।
১৯১১ সালের ঐতিহাসিক আইএফএ শিল্ড জয়ের স্মরণে মেসিকে বিশেষভাবে তৈরি সেই বছরের অনুকরণে প্রস্তুত জার্সি উপহার দেওয়া হবে । এই বিশেষ জার্সিটি মেসির হাতে তুলে দেবে মোহনবাগান ম্যানেজমেন্ট। কারণ ভারতের প্রথম ক্লাব হিসেবে মোহনবাগান ওই শিল্ড জিতেছিল ২-১ গোলে ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে হারিয়ে। অনুষ্ঠানে অংশ নিয়ে সেদিনই কলকাতা থেকে হায়দরাবাদের উদ্দেশে মেসির রওনা দেওয়ার কথা রয়েছে।