লিভারপুল কোচ আরনে স্লটের সঙ্গে মোহামেদ সালাহর সম্পর্ক ভাঙনের সুরে নিশ্চিতভাবেই বলা যাচ্ছে লিভারপুলের ভবিষ্যৎ ঘিরে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। গত শনিবার লিডস ইউনাইটেডের সঙ্গে ৩-৩ গোলে ড্রয়ের পর ক্ষোভ প্রকাশ করে সালাহ মন্তব্যে সম্পর্কের অবনতির ইঙ্গিত স্পষ্ট হয়ে ওঠে। তিনি বলেন, ‘দলে কেউ একজন চায় যেন সব দোষ আমার ওপর পড়ে।‘
এই টানাপোড়েনের মাঝেই রিয়াদে ওয়ার্ল্ড ফুটবল সামিটে সৌদি প্রো লিগের প্রধান নির্বাহী ওমার মুগারবেল জানালেন “সৌদি লিগে মোহামেদ সালাহকে স্বাগত জানানো হবে। সালাহ র মতো অভিজ্ঞ স্ট্রাইকারকে দলে নিতে আগ্রহী দেশের বেশ কয়েকটি ক্লাব।
২০১৭ সালের জুনে লিভারপুলে যোগ দিয়ে আট মৌসুমে সালাহ দুটি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়ন্স লিগসহ বহু শিরোপা জিতেছেন। গত মৌসুমেও অসাধারণ পারফরম্যান্সে ২৯ গোল করে অর্জন করেন গোল্ডেন বুট এবং দলকে লিগ শিরোপা এনে দিলেও চলতি মৌসুমে তিনি সেই ছন্দ ধরে রাখতে পারেননি। দলের সঙ্গে ব্যক্তিগত পারফরম্যান্সও নেমেছে নিচে। ফলে লিগের শেষ তিন ম্যাচের দুটিতেই পুরোটা সময় তাকে বসে থাকতে হয় বেঞ্চে।
এপ্রিলে লিভারপুলের সঙ্গে দুই বছরের নতুন চুক্তি করলেও ৩৩ বছর বয়সী সালাহকে নিয়ে জোর গুঞ্জন আসছে জানুয়ারির দলবদলেই হয়তো অ্যানফিল্ড ছাড়তে পারেন তিনি।