ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের (ইসি) আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে সারাদেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সংক্রান্ত চিঠি বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত হয় এবং তা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে পাঠানো হয়েছে। চিঠিতে ইসি জানিয়েছে, তফশিল ঘোষণার পর থেকে ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত মোবাইল কোর্ট আইন, ২০০৯ অনুযায়ী প্রতিটি উপজেলা/থানায় অন্তত দুই জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।
অন্যদিকে, আজ সন্ধ্যা ছয়টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বাংলাদেশ টেলিভিশন ও বেতারের মাধ্যমে জাতির উদ্দেশ্যে ভাষণে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করবেন। ভাষণে ভোটের রোডম্যাপও তুলে ধরা হবে। জানা গেছে, সিইসি তার ভাষণটি গতকাল বুধবার বিকেলে রেকর্ড করেছেন।
চিঠি ও তফশিল ঘোষণার পর শুক্রবার থেকে সারাদেশে মাঠে নামবে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা, যা নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।