আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ তফশিল ঘোষণা করেন।
সিইসি জানান, ১২ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করা যাবে। জমা দেওয়া মনোনয়নপত্র ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত বাছাই করা হবে।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
ঘোষিত তফশিল অনুযায়ী, মনোনয়ন জমার জন্য মোট ১৮ দিন এবং নির্বাচনী প্রচারের জন্য ২০ দিন সময় থাকছে।
সিইসি নাসির উদ্দিন বলেন, আগামী বছরের ১২ ফেব্রুয়ারি সারাদেশে ভোট উৎসব হবে। একই দিনে ৩০০ আসনে জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, নির্বাচন কমিশন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সকল প্রস্তুতি গ্রহণ করেছে।