ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই সম্ভাব্য প্রার্থীদের আগাম প্রচার সামগ্রী অপসারণে কড়া নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।
গতকাল ১০ ডিসেম্বর নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন স্থানীয় সরকার বিভাগের সচিবকে এ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য চিঠি পাঠান।
চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে তফসিল ঘোষণা কার্যক্রম চলমান। এ সময়ে কোনো সম্ভাব্য প্রার্থীর পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, তোরণ, গেট, প্যান্ডেল, আলোকসজ্জা বা নির্বাচনী ক্যাম্প থাকলে তা তফসিল ঘোষণার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে নিজ খরচে অপসারণ করতে হবে। এ বিষয়ে সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হবে।
ইসি জানায়, নির্ধারিত সময়ে প্রচারণা সামগ্রী অপসারণ নিশ্চিত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে দ্রুত নির্দেশনা দেওয়া হবে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টায় তফসিল ঘোষণা করছে নির্বাচন কমিশন। সে অনুযায়ী আগামী ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে সব আগাম প্রচার সামগ্রী অপসারণ করতে হবে। নির্দেশনা অমান্য করলে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।