আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন রেখে ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে গণভোটের তফশিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার এ কথা বলেছেন।
নির্বাচনের তারিখ নির্ধারণে নির্বাচন কমিশন (ইসি) বাছাই প্রক্রিয়ায় আগের ১২টি সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিনের পরিসংখ্যানকে গুরুত্ব দিয়ে দেখেছে।
বিগত ১২টি নির্বাচনের মধ্যে চারটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে রোববার, চারটি হয়েছে বুধবার, দুটি সোমবার, আর দুটি বৃহস্পতিবারে। অন্যদিকে, শুক্রবার, শনিবার ও সোমবারে কোনো নির্বাচন হয়নি।
সিইসি জানিয়েছেন, এই তারিখগুলোর মধ্যে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবারকে ভোটগ্রহণের জন্য সবচেয়ে উপযুক্ত হিসেবে মনে হচ্ছে। নির্বাচন কমিশন আশা করছে, পূর্ববর্তী নির্বাচনের দিনের ধারা এবং নতুন পরিস্থিতি বিবেচনা করে এই দিনটি ভোটারদের জন্য সুবিধাজনক হবে।