ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি নির্বাচনি প্রচরণের আগে গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজ শেষে বিজয়নগর কালভার্ট রোড এলাকায় প্রচারের প্রস্তুতিকালে মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
গুলিবিদ্ধ অবস্থায় দুপুর ২টা ৩৫ মিনিটে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।
হাসপাতাল সূত্র বলছে, হাদিকে প্রথমে সিপিআর দেওয়া হয়। মাথার ভেতরে গুলি এবং কানের আশপাশে গুলির আঘাত থাকার কারণে তার অবস্থা অত্যন্ত সংকটজনক। বর্তমানে তিনি জরুরি বিভাগের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসেক) ভর্তি আছেন এবং তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
এদিকে ঘটনাকে কেন্দ্র করে ঢামেক হাসপাতালে বাড়ানো হয়েছে নিরাপত্তা।
বিকেল থেকে হাসপাতালের জরুরি বিভাগ ও প্রবেশমুখে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি মোতায়েন করা হয়েছে ৪ প্লাটুন সেনা সদস্য। বিকেল ৪টার আগে সেনাবাহিনীর একাধিক গাড়ি ঢামেকে প্রবেশ করতে দেখা যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন হাদির অবস্থা এখনো ক্রিটিক্যাল।
অন্যদিকে, ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, বেলা ২টা ২৫ মিনিটে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় হামলাকারীরা হাদিকে গুলি করে দ্রুত পালিয়ে যায়।
গুরুতর আহত শরিফ ওসমান হাদির চিকিৎসা চলছে ঢামেকে। হামলাকারীদের শনাক্তে কাজ করছে পুলিশ।