ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার রাত ৯টায় তিনি টেলিফোনে কথা বলেন ওসমান হাদির ভাই ওমর বিন হাদির সঙ্গে।
শুক্রবার রাত ৯টায় টেলিফোনে ওসমান হাদির ভাই ওমর বিন হাদির সঙ্গে টেলিফোনে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা
তিনি বলেন, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় উপদেষ্টা পরিষদ গভীরভাবে উদ্বিগ্ন ও ব্যথিত।
রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় বিষয়টি জানিয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, ফোনালাপে ড. ইউনূস বলেন, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় উপদেষ্টা পরিষদ গভীরভাবে উদ্বিগ্ন ও ব্যথিত। তিনি সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
ড. ইউনূস জানান, হামলার ঘটনার পর তিনি কয়েকজন উপদেষ্টাসহ পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। বৈঠক থেকে হামলার সঙ্গে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টা আরও বলেন, ওসমান হাদির চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে। তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে দেশে কিংবা বিদেশে—যেখানেই প্রয়োজন হোক—সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, হাদি আমাদের সবার অতি আপন ও স্নেহের মানুষ। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি। তার জন্য দোয়া করছি এবং আশা করছি, তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।