রাজধানীর বিজয়নগরে নির্বাচন প্রচারণাকালে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলি চালানোর ঘটনায় জড়িত সন্ত্রাসীদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
শুক্রবার ( ১২ ডিসেম্বর ) রাতে এ তথ্য জানান ডিএমপি কমিশনার।
তিনি বলেন, “উই আর ভেরি ক্লোজ টু ডিটেক্ট” এই ঘটনায় জড়িত সন্ত্রাসীদের যেকোনো সময় গ্রেফতার করা হবে।
এর আগে শুক্রবার বিকেলে ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে ন্যক্কারজনক ও কাপুরুষোচিত বলে উল্লেখ করে তীব্র নিন্দা জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তে কাজ শুরু করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সন্দেহভাজন ব্যক্তি ও বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান পরিচালনা করছে। একই সঙ্গে নগরবাসীকে আতঙ্কিত না হয়ে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কোনো তথ্য থাকলে পুলিশকে অবহিত করার অনুরোধ জানানো হয়।
উল্লেখ্য, শুক্রবার দুপুরে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা ওসমান হাদির ওপর গুলি চালিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।