গুলিবিদ্ধ ওসমান হাদির শারীরিক অবস্থা অপরিবর্তিত। এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত নতুন কোনো অস্ত্রোপচার বা হস্তক্ষেপ করা হবে না।
শুক্রবার রাতের ঘটনার পর শনিবার (১৩ ডিসেম্বর) সকালে এভারকেয়ার হাসপাতালে গুলিবিদ্ধ ওসমান হাদির চিকিৎসা পরিস্থিতি নিয়ে বিশেষজ্ঞদের সমন্বয়ে মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়।
সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে বৈঠকে রোগীর সার্বিক অবস্থা, নিউরোলজিক্যাল ইনজুরি এবং চিকিৎসা ব্যবস্থা পর্যালোচনা করা হয়।
বৈঠকের পর হাসপাতাল সূত্র জানায়, রোগীর অবস্থা বর্তমানে স্থিতিশীল, অর্থাৎ বড় কোনো পরিবর্তন হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন, গুরুতর ব্রেন ইনজুরির কারণে রোগীর অবস্থা অত্যন্ত সংবেদনশীল। তাই তাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে রাখা হয়েছে এবং নিবিড় পর্যবেক্ষণ অব্যাহত থাকবে।
চিকিৎসকরা আরও বলেন, যেকোনো মুহূর্তে পরিস্থিতি পরিবর্তিত হতে পারে। এই কারণে আপাতত রোগীর ওপর নতুন কোনো সার্জিক্যাল হস্তক্ষেপ করা হচ্ছে না এবং পর্যবেক্ষণভিত্তিক চিকিৎসা অব্যাহত থাকবে।
এভাবেই চলছে ওসমান হাদির চিকিৎসা। হাসপাতাল সূত্রের তথ্যানুযায়ী, রোগীর বর্তমান অবস্থা স্থিতিশীল হলেও পরিস্থিতি খুবই সংবেদনশীল।