ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বড় কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।
শনিবার ( ১৩ ডিসেম্বর ) একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনায় যদি নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়, তাহলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো কঠিন হয়ে পড়বে। এ সময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, গতকাল শুক্রবার রাজধানীর বিজয়নগরে দুষ্কৃতিকারীদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। বর্তমানে তিনি সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে কিছু জানানো হয়নি। হাদির চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড সকালে তাকে পরীক্ষা করে জানায়, তার অবস্থা এখনও শঙ্কামুক্ত নয়। বিষয়টি হাদির পরিবারকেও অবহিত করা হয়েছে।
এদিকে হামলার ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ দেখা দিলেও নির্বাচন নির্ধারিত সময়েই হবে বলে দৃঢ় অবস্থান নির্বাচন কমিশনের।