সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে ভয়াবহ হামলায় শহীদ হয়েছেন ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। বাংলাদেশ সেনাবাহিনী শহীদ ও আহতদের পরিচয় প্রকাশ করেছে।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেসে শনিবার (১৩ ডিসেম্বর) স্থানীয় সময় আনুমানিক বেলা ৩টা ৪০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিট পর্যন্ত বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী কতৃক ড্রোন হামলা পরিচালনা করা হয়। হামলায় দায়িত্বরত ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন এবং ৮ জন শান্তিরক্ষী আহত হন।
হামলায় নিহত হয়েছেন—
কর্পোরাল মো. মাসুদ রানা, এএসসি, নাটোর, সৈনিক মো. মমিনুল ইসলাম, বীর, কুড়িগ্রাম, সৈনিক শামীম রেজা, বীর, রাজবাড়ি, সৈনিক শান্ত মন্ডল, বীর, কুড়িগ্রাম, মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কিশোরগঞ্জ, এবং লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া, গাইবান্ধা।
হামলায় আহত হয়েছেন—
লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান, পিএসসি, অর্ডন্যান্স, কুষ্টিয়া, সার্জেন্ট মো. মোস্তাকিম হোসেন, বীর, দিনাজপুর, কর্পোরাল আফরোজা পারভিন ইতি, সিগনালস, ঢাকা,
ল্যান্স কর্পোরাল মহিবুল ইসলাম, ইএমই, বরগুনা, সৈনিক মো. মেজবাউল কবির, বীর, কুড়িগ্রাম, সৈনিক মোসা. উম্মে হানি আক্তার, ইঞ্জিনিয়ারিং কোর, রংপুর, সৈনিক চুমকি আক্তার, অর্ডন্যান্স, মানিকগঞ্জ, এবং সৈনিক মো. মানাজির আহসান, বীর, নোয়াখালী।
আহত আটজন শান্তিরক্ষীকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে সৈনিক মো. মেজবাউল কবিরের অবস্থা গুরুতর হওয়ায় তার সফল অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে এবং তিনি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। অন্য সাতজনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে স্থানান্তর করা হয়েছে এবং তারা শঙ্কামুক্ত রয়েছেন।
বাংলাদেশ সেনাবাহিনী জানায়, শনিবার স্থানীয় সময় দুপুর ৩টা ৪০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিট পর্যন্ত বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ড্রোন হামলা চালায়। এ হামলাতেই এই হতাহতের ঘটনা ঘটে।
বাংলাদেশ সেনাবাহিনী এই নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে বলা হয়, শহীদ শান্তিরক্ষীদের আত্মত্যাগ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকারের এক উজ্জ্বল ও গৌরবময় নিদর্শন হয়ে থাকবে।
এছাড়া শহীদদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।