| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

  • আপডেট টাইম: 14-12-2025 ইং
  • 159299 বার পঠিত
ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির শারীরিক অবস্থার কোনো দৃশ্যমান উন্নতি হয়নি। চিকিৎসকদের মতে, তার অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক।

রোববার ( ১৪ ডিসেম্বর ) সকালে ওসমান হাদির চিকিৎসায় গঠিত মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ডের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বোর্ডের এক সদস্য জানান, সর্বশেষ সিটি স্ক্যানে হাদির মস্তিষ্কে ব্যাপক ইডেমা বা পানি জমার পাশাপাশি অক্সিজেনের ঘাটতি ধরা পড়েছে। এছাড়া মস্তিষ্কের কিছু অংশে ছিটা ছিটা রক্ত জমাট বাঁধার লক্ষণও পাওয়া গেছে। চিকিৎসকদের ভাষায়, হাদির ব্রেনের অবস্থা ‘খুবই খারাপ’।

চিকিৎসকরা জানান, হাদি বর্তমানে লাইফ সাপোর্টে আছেন এবং তার শ্বাসপ্রশ্বাস যন্ত্রের মাধ্যমে চালু রাখা হচ্ছে। ফুসফুসের অবস্থাও আগের মতোই অপরিবর্তিত রয়েছে। তবে কিছুটা স্বস্তির বিষয় হলো, তার কিডনির কার্যকারিতা স্বাভাবিক রয়েছে এবং প্রতিদিন প্রায় চার লিটার ইউরিন আউটপুটের মাধ্যমে ফ্লুইড ব্যালেন্স করা হচ্ছে।

এর আগে দেখা দেওয়া ডিসিমিনেটেড ইনট্রাভাসকুলার কোয়াগুলেশন বা ডিআইসি’র অবস্থাও এখনো অপরিবর্তিত রয়েছে। নতুন করে কোনো জটিলতা তৈরি হয়নি বলে জানান চিকিৎসকরা।

চিকিৎসকদের প্রধান উদ্বেগের জায়গা এখনো মস্তিষ্ক। ব্রেন স্টেম ইনজুরি গুরুতর অবস্থায় রয়েছে। উদ্বেগজনকভাবে, অপারেশন করা অংশের বিপরীত পাশ দিয়ে মস্তিষ্ক সামান্য বাইরের দিকে চাপ দিচ্ছে বলেও জানিয়েছেন তারা।

ওসমান হাদিকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। মেডিকেল বোর্ড একটি কেস সামারি প্রস্তুত করেছে। বিদেশের কোনো হাসপাতাল তা পর্যালোচনা করে রোগী গ্রহণে সম্মতি দিলে তবেই স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হবে। থাইল্যান্ড, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের বিকল্প বিবেচনায় থাকলেও রোগীর শারীরিক স্থিতিশীলতা বড় প্রশ্ন হয়েই রয়েছে।

সব মিলিয়ে, চিকিৎসকদের মতে, ওসমান হাদির অবস্থা এখনো সংকটজনক এবং পরবর্তী সিদ্ধান্ত নির্ভর করছে তার শারীরিক স্থিতিশীলতার ওপর।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪