রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির চিকিৎসকদের ভারত থেকে মুঠোফোনে হুমকি দেয়া হচ্ছে। তাদের নাম্বার বিভিন্ন পাবলিক প্ল্যাটফর্মে ছড়িয়ে দেয়া হচ্ছে অভিযোগ করেছেন হাদির চিকিৎসক।
রোববার (১৪ ডিসেম্বর) হাদির সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তার চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
চিকিৎসক জানান, রোববার সকালে মেডিকেল বোর্ডের বৈঠকের আগেই হাদির রিপিট সিটি স্ক্যান করা হয়। সর্বশেষ সিটি স্ক্যানে মস্তিষ্কে ব্যাপক ইডেমা বা পানি জমার পাশাপাশি অক্সিজেনের ঘাটতি ধরা পড়েছে, যা মস্তিষ্কের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এছাড়া মস্তিষ্কের কিছু অংশে ছিটেফোঁটা রক্ত জমাট বাঁধার লক্ষণও পাওয়া গেছে। সব মিলিয়ে হাদির মস্তিষ্কের বর্তমান অবস্থা খুবই গুরুতর বলে জানান চিকিৎসকরা।
এদিকে, হাদির চিকিৎসার সঙ্গে যুক্ত চিকিৎসকরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন। প্রেস ব্রিফিংয়ে চিকিৎসক জানান, তাদের জীবন হুমকির মুখে রয়েছে। ভারত থেকে ধারাবাহিকভাবে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে এবং চিকিৎসকদের ব্যক্তিগত মোবাইল নম্বর বিভিন্ন পাবলিক প্ল্যাটফর্ম ও গ্রুপে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এমনকি তাদের পরিবার ও বাসার লোকেশন ট্র্যাক করার চেষ্টাও করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
হাদির উন্নত চিকিৎসার বিষয়ে চিকিৎসকরা জানান, তাকে বিদেশে পাঠানোর পরিকল্পনা রয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ইতোমধ্যে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে একটি কেস সামারি প্রস্তুত করা হয়েছে।
তবে বড় প্রশ্ন হচ্ছে বর্তমান শারীরিক অবস্থায় তাকে বিদেশে স্থানান্তরের মতো পর্যাপ্ত স্থিতিশীলতা আদৌ আছে কি না।
হাদির চিকিৎসা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে বলে জানান সংশ্লিষ্টরা।