ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় মূল আসামি এখনো দেশেই রয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
রোববার ( ১৪ ডিসেম্বর ) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ নজরুল ইসলাম।
তিনি বলেন, হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের পাসপোর্ট ইতোমধ্যে ব্লক করা হয়েছে। ইমিগ্রেশন ডাটাবেজ যাচাই করে দেখা গেছে, তারা কেউই দেশ ত্যাগ করেনি। মূল সন্দেহভাজন ফয়সালের পাসপোর্ট নম্বর পাওয়া গেছে এবং সর্বশেষ ভ্রমণ তথ্যে দেখা যায়, তিনি থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন। এরপর তার বিদেশে যাওয়ার কোনো রেকর্ড নেই।
নিরাপত্তা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, শুধু একজন জুলাই যোদ্ধা হাদিই নন, দেশে লক্ষাধিক জুলাই যোদ্ধা রয়েছেন। সবার নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। তবে যাদের ওপর উচ্চ মাত্রার হুমকি রয়েছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
তিনি আরও জানান, হামলার পর সীমান্ত পারাপারে সহায়তার অভিযোগে দুইজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে।
এ ঘটনায় এখনো মামলা হয়নি উল্লেখ করে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, পরিবারের সদস্যরা বর্তমানে রোগীর চিকিৎসা নিয়ে ব্যস্ত রয়েছেন। পরিবারের পক্ষ থেকে মামলা না হলে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে।
এদিকে হামলার ঘটনায় এখন পর্যন্ত মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে একজন হামলার সময় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক। বাকি দুইজন অবৈধভাবে সীমান্ত পারাপারের সঙ্গে জড়িত বলে জানা গেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা জানানো হবে বলে জানান তিনি।