| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাদিকে হত্যাচেষ্টা: ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছে হামলাকারী

  • আপডেট টাইম: 15-12-2025 ইং
  • 158834 বার পঠিত
হাদিকে হত্যাচেষ্টা: ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছে হামলাকারী

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হামলাকারী ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ভারতে পালিয়ে গেছেন এমন দাবি আগেই করেছিলেন আল জাজিরার প্রবাসী বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন সায়ের।

এবার সেই দাবির সঙ্গে যুক্ত হলো আরও চাঞ্চল্যকর তথ্য।

রোববার ( ১৫ ডিসেম্বর ) দিবাগত রাতে নিজের ফেসবুক পোস্টে জুলকারনাইন সায়ের জানান, ভারতে পালিয়ে গিয়ে হাদির ওপর হামলাকারী ফয়সাল করিম মাসুদ সেখান থেকে সেলফি পাঠিয়েছেন।

পোস্টে তিনি লেখেন, ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত শ্যুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর হোসেন গত ১২ ডিসেম্বর সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন।

তার দাবি অনুযায়ী, সীমান্ত পার হওয়ার পর জাহাঙ্গীর কবির নানকের পিএস মো. মাসুদুর রহমান বিপ্লব ফয়সাল করিম মাসুদকে একটি ভারতীয় মোবাইল নম্বর জোগাড় করে দেন—যা বিশেষ গোয়েন্দা সূত্রে জানা গেছে।

ফেসবুক পোস্টে একটি নম্বরও প্রকাশ করেন সায়ের। তিনি জানান, ওই নম্বর ব্যবহার করে ফয়সাল করিম মাসুদ ভারতের ভেতর থেকে কয়েকজনের কাছে নিজের সেলফি পাঠান।

সায়ের আরও দাবি করেন, যেসব নম্বরে ছবিটি পাঠানো হয়েছিল, তার একটি ইন্টারসেপ্ট করে ছবিটি সংগ্রহ করা হয়। পরে নিশ্চিত হওয়া যায়, ছবিটি ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে তোলা।

এদিকে, গুরুতর আহত ওসমান হাদির চিকিৎসা নিয়ে নতুন তথ্য দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

প্রেস উইং জানায়, অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় থাকা ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে।

ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সকল ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে বলেও জানানো হয়েছে। পাশাপাশি তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

দেশবাসীর কাছে ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনাও চেয়েছেন তিনি।

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সিসিইউতে চিকিৎসাধীন।

এই ঘটনার প্রতিবাদে সারা দেশে এখনো অব্যাহত রয়েছে বিভিন্ন কর্মসূচি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪