প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে সব ধরনের সংশয় ও দুশ্চিন্তা দূর করার আহবান জানিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত এবং নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
সোমবার ( ১৫ ডিসেম্বর ) রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন নিয়ে মিডিয়াসহ বিভিন্ন মহলে কিছু আশঙ্কা হয়তো আছে। তবে আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই নির্বাচন নিয়ে আমাদের কোনো সংশয় নেই। নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত। ইনশাআল্লাহ, নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, আপনাদের মাথায় যত ধরনের দুশ্চিন্তাই আসুক না কেন, আমি অনুরোধ করব সেই দুশ্চিন্তা মন থেকে ঝেড়ে ফেলুন। আমরা সবাই মিলে প্রস্তুতি নিচ্ছি, যাতে একটি সুন্দর নির্বাচন জাতিকে উপহার দিতে পারি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে সিইসি বলেন, বড় ধরনের কোনো অবনতি ঘটেনি।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলো কোথায়? মাঝেমধ্যে দুই-একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে। যেমন সম্প্রতি হাদির একটি ঘটনা হয়েছে। আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই দেখি। আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। আহসানউল্লাহ মাস্টার, সাবেক অর্থমন্ত্রী কিবরিয়ার ঘটনাও আমরা দেখেছি। বাংলাদেশে এসব নতুন কিছু নয়।
বরং, আপনারা যদি আগের সংকটময় সময়ের সঙ্গে তুলনা করেন, তখন থানাগুলো অকার্যকর ছিল। সেই সময়ের তুলনায় এখন আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। আমরা শান্তিতে চলাফেরা করতে পারছি, শান্তিতে ঘুমাতে পারছি।
নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির কথাও জানান প্রধান নির্বাচন কমিশনার।
সিইসি বলেন, আমরা গতকাল শীর্ষ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেছি। তারা আমাদের নিশ্চিত করেছে নির্বাচনের সময় পর্যন্ত শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে এবং সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করা সম্ভব হবে।
আপনারা নিশ্চিন্ত থাকুন। নির্বাচন সঠিক সময়ে, সঠিকভাবে, একটি সুষ্ঠু, সুন্দর ও প্রতিযোগিতামূলক পরিবেশে অনুষ্ঠিত হবে।