জুলাই আন্দোলনে হত্যাযজ্ঞের অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া আমৃত্যু কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করতে যাচ্ছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। তারা এই সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করবে।
সোমবার ( ১৫ ডিসেম্বর ) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করার সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের ‘রাজাকার’ বলে উল্লেখ করেন, যা প্রসিকিউশনের মতে উসকানিমূলক বক্তব্য।
একই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য মাকসুদ কামালের সঙ্গে কথোপকথনে আন্দোলনকারীদের ‘রাজাকার’ আখ্যা দিয়ে তাদের ফাঁসি দেওয়ার মনোভাব প্রকাশের অভিযোগও আনা হয়।
প্রসিকিউশনের দাবি, এই বক্তব্য ও নির্দেশনার পর রংপুরে আন্দোলনকারী আবু সাঈদকে গুলি করে পুলিশ।
এই মামলায় গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে আমৃত্যু কারাদণ্ড দেন।
রায়ের পরপরই প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, তারা এই সাজাকে অপর্যাপ্ত মনে করে উচ্চ আদালতে আপিল করবেন।