ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার চিকিৎসার সকল ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। এমনটাই জানালেন, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সোমবার (১৫ ডিসেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বিদেশে শরিফ ওসমান হাদির চিকিৎসার জন্য যত টাকা লাগবে, তা সরকার দেবে।
উপদেষ্টা আরও বলেন, দেশের রাজনৈতিক পরিবেশ বর্তমানে সন্তোষজনক এবং এটি আরও স্থিতিশীল হবে। এছাড়া তিনি নিশ্চিত করেছেন, আগামী নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেয়া হবে।
এর আগে রোববার শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং ভ্রমণ সংক্রান্ত সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
রিপোর্ট অনুযায়ী, গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয় নগর বক্স কালভার্ট এলাকায় রিকশায় যাওয়ার পথে শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। একটি মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা তার মাথায় গুলি চালিয়ে পালিয়ে যায়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সরকারি পক্ষের এই পদক্ষেপে চিকিৎসা ব্যয় নিয়ে কোনো উদ্বেগ থাকছে না। শরিফ ওসমান হাদির সুস্থতা এবং নিরাপত্তা এখন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।