সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে করা অভিযোগ মামলা হিসেবে রেকর্ড হয়েছে। এ মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফিতার দেখানো হয়েছে।
সোমবার ( ১৫ ডিসেম্বর ) ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, রোববার রাত ৮টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি জিম থেকে সাংবাদিক আনিস আলমগীরকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানায়, রোববার গভীর রাতে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন ছাড়াও আরও দুজনের নাম উল্লেখ করা হয়।
গ্রেফতারের বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, উত্তরা পশ্চিম থানায় সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। ওই মামলায় ডিবি হেফাজতে থাকা সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতার দেখানো হয়েছে। থানা থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা আসছেন। তদন্তকারী থানা পুলিশের মাধ্যমে গ্রেফতার সাংবাদিক আনিস আলমগীরকে আদালতে সোপর্দ করা হবে।
প্রসঙ্গত, জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে টেলিভিশন টকশোতে নানা বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন তিনি।