ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় প্রধান আসামি ফয়সালের স্ত্রীসহ তিনজনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ রাহুল দাউদের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, তার শ্যালক ওয়াহিদ আহমেদ এবং অপর আসামি মারিয়া আক্তার লিমাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে।
সোমবার ( ১৫ ডিসেম্বর ) মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ আসামিদের ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে হাজির করেন।
শুনানি শেষে আদালত প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, গত ১৪ ডিসেম্বর পল্টন থানায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে হাদিকে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।
মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির একাধিক ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র, হত্যাচেষ্টা, বিপজ্জনক অস্ত্র ব্যবহার করে গুরুতর আঘাত এবং দুষ্কর্মে সহায়তার অভিযোগ আনা হয়েছে।
ঘটনাটি নিয়ে তদন্ত চলছে, এবং রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছে আইনশৃঙ্খলা বাহিনী।