| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

  • আপডেট টাইম: 16-12-2025 ইং
  • 158566 বার পঠিত
জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী জাতির সূর্য সন্তানদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছে পুরো জাতি। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে নেমেছে মানুষের ঢল।

মঙ্গলবার ( ১৬ ডিসেম্বর ) মহান বিজয় দিবস উপলক্ষে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ জাতীয় স্মৃতিসৌধে আসতে শুরু করেন। 

সরেজমিনে দেখা যায়, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, স্কুল-কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে স্মৃতিসৌধ প্রাঙ্গণে উপস্থিত হন। পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে তারা বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এতে ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদী।

মানিকগঞ্জ থেকে পরিবারের সঙ্গে স্মৃতিসৌধে আসা কলেজ শিক্ষার্থী শারমিন আক্তার বলেন, “আমি মুক্তিযুদ্ধ দেখিনি, তবে বইয়ে পড়ে জেনেছি। আজ প্রথমবার পরিবারের সঙ্গে জাতীয় স্মৃতিসৌধে এসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে গর্ব অনুভব করছি।”

অন্যদিকে, রাজধানীর শ্যামলী থেকে আসা আরিফুল ইসলাম বলেন, যাঁদের আত্মত্যাগে আমরা স্বাধীন দেশ পেয়েছি, তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে আমি প্রতি বছরই জাতীয় স্মৃতিসৌধে আসি। এবারও ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালাম।

এদিকে, স্কুল শিক্ষক সাইফুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই আমরা স্বাধীনতা অর্জন করেছি। জাতির সেই সূর্য সন্তানদের স্মরণ করা আমাদের দায়িত্ব। বিজয় দিবস আমাদের গৌরবের দিন। তাই দেশের জন্য আত্মদানকারী বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে আজ এখানে এসেছি।

মহান বিজয় দিবসে এভাবেই জাতি স্মরণ করছে ১৯৭১-এর সেই বীর সন্তানদের, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে লাল-সবুজের স্বাধীন বাংলাদেশ।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪