ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যারা এই ষড়যন্ত্রে জড়িত, তারা যেখানেই থাকুক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।
ভাষণে অধ্যাপক ইউনূস বলেন, বিজয়ের আনন্দের দিনেও তিনি গভীরভাবে ব্যথিত। তার ভাষায়, শরীফ ওসমান হাদির ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর নয়, এটি বাংলাদেশের অস্তিত্ব ও গণতান্ত্রিক পথচলার ওপর আঘাত।
তিনি জানান, বর্তমানে সংকটাপন্ন অবস্থায় শরীফ ওসমান হাদি চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। এ সময় তিনি দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
প্রধান উপদেষ্টা আরও বলেন, সরকার ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অধ্যাপক ইউনূস বলেন, পরাজিত ফ্যাসিস্ট টেরোরিস্টদের এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। ভয়, সন্ত্রাস কিংবা রক্তপাতের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা থামানো যাবে না।
তিনি দেশবাসীর প্রতি সংযম বজায় রাখার আহবান জানিয়ে বলেন, গুজব ও অপপ্রচারে কান না দিতে এবং ঐক্যবদ্ধভাবে অস্থিরতা সৃষ্টিকারীদের মোকাবেলা করতে হবে। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, পরাজিত ফ্যাসিস্ট শক্তি এ দেশের পবিত্র মাটিতে আর কখনো ফিরে আসতে পারবে না।