ভয় দেখিয়ে, সন্ত্রাস সৃষ্টি করে কিংবা রক্ত ঝরিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা থামানো যাবে ন। এমনটাই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ কথা বলে প্রধান উপদেষ্টা।
মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, পরাজিত ফ্যাসিস্ট টেরোরিস্টদের অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে।
ভাষণে প্রধান উপদেষ্টা গভীর বেদনার সঙ্গে জানান, জুলাই অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সাম্প্রতিক হামলা শুধু একজন ব্যক্তির ওপর নয়, বরং বাংলাদেশের অস্তিত্ব ও গণতান্ত্রিক পথচলার ওপর আঘাত।
তিনি বলেন, হামলায় গুরুতর আহত শরিফ ওসমান হাদি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। এ সময় দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেন প্রধান উপদেষ্টা।
অধ্যাপক মুহাম্মদ ইউনূস আরও জানান, সরকার এ ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, এই ষড়যন্ত্রে জড়িত কেউই ছাড় পাবে না তারা যেখানেই থাকুক না কেন।
ভাষণের শেষাংশে তিনি জনগণের প্রতি সংযম বজায় রাখার আহবান জানিয়ে বলেন, গুজব ও অপপ্রচারে কান না দিতে। দেশকে অস্থিতিশীল করতে চাওয়া ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি। একই সঙ্গে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, পরাজিত ফ্যাসিস্ট শক্তি আর কখনোই এ দেশের পবিত্র মাটিতে ফিরে আসতে পারবে না।