দেশে ফেরার প্রাক্কালে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের এয়ারপোর্টে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার ( ১৬ ডিসেম্বর ) লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ অনুরোধ জানান।
তারেক রহমান বলেন, দীর্ঘ প্রায় ১৮ বছর যুক্তরাজ্যে অবস্থানের পর আগামী ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরবেন। তবে এ উপলক্ষে কাউকে এয়ারপোর্টে বিদায় জানাতে না যাওয়ার জন্য দলের নেতাকর্মীদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান তিনি।
তিনি বলেন, এয়ারপোর্টে ভিড় হলে হট্টগোল সৃষ্টি হতে পারে, এতে বাংলাদেশ ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। যারা তার এই অনুরোধ রক্ষা করবেন, তারা দল ও দেশের সম্মান রক্ষা করবেন বলেও মন্তব্য করেন তিনি। আর নিষেধ অমান্য করে যারা এয়ারপোর্টে যাবেন, তারা ব্যক্তিগত স্বার্থে যাবেন এমনটাই মনে করবেন বলে জানান তারেক রহমান।
এর আগে, গত ১২ ডিসেম্বর এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন।
এ বিষয়ে সেদিন রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান। বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের দেশে ফেরা বিএনপির জন্য আনন্দের সংবাদ।
উল্লেখ্য, তারেক রহমান ২০০৭ সালে এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর গ্রেফতার হন। ২০০৮ সালে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান এবং এরপর থেকে সেখানেই অবস্থান করছেন। এ সময় লন্ডন থেকেই তিনি দল পরিচালনা করে আসছেন।