| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানবতাবিরোধী অপরাধ

সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

  • আপডেট টাইম: 17-12-2025 ইং
  • 157334 বার পঠিত
সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ।

বুধবার ( ১৭ ডিসেম্বর ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ এ শুনানি অনুষ্ঠিত হবে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে শুনানি গ্রহণ করা হবে।

প্রথমে আনুষ্ঠানিক অভিযোগ বা ফরমাল চার্জ নিয়ে শুনানি করবে প্রসিকিউশন। পরে আসামিপক্ষের আইনজীবীরা তাদের বক্তব্য উপস্থাপন করবেন। এ মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন করা হয়েছে। গত ১০ ডিসেম্বর জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী এ আবেদন করেন।

এর আগে শুনানিকালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, বিদেশি আইনজীবী নিয়োগের ক্ষেত্রে আগে বার কাউন্সিল এবং পরে ট্রাইব্যুনালের অনুমতি নিতে হয়। তবে এ বক্তব্যের বিরোধিতা করে মনসুরুল হক বলেন, আইন অনুযায়ী প্রথমে ট্রাইব্যুনালের অনুমতি, এরপর বার কাউন্সিলের অনুমতি প্রয়োজন। এ বিষয়ে উভয় পক্ষের শুনানি শেষে আদালত আদেশের জন্য বিষয়টি অপেক্ষমাণ রাখেন। তবে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করা হয়।

এর আগে, গত ৪ ডিসেম্বর সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে ট্রাইব্যুনাল-১ অভিযোগ আমলে নেয়।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় সালমান এফ রহমান ও আনিসুল হকের মধ্যে ফোনালাপ হয়। ওই আলাপচারিতায় কারফিউ চলাকালে আন্দোলনকারীদের ‘শেষ করে দিতে হবে’ এমন বক্তব্য দেন তারা। এর পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যাকাণ্ড সংঘটিত হয়। এসব হত্যাকাণ্ডে তাদের বক্তব্য উসকানি হিসেবে কাজ করেছে বলে দাবি প্রসিকিউশনের।

উল্লেখ্য, গত ১৩ আগস্ট পালানোর চেষ্টা করার সময় সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেফতার করা হয়। এরপর থেকে হত্যাসহ একাধিক মামলায় তারা কারাগারে রয়েছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪