বিদেশে বাংলাদেশের শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে দালাল চক্র বড় বাধা বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশ হলো তারুণ্যের খনি, যা সোনার চেয়েও বেশি মূল্যবান।
বুধবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস–২০২৫ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, শ্রমশক্তি রপ্তানি খাত দালাল বেষ্টিত হয়ে পড়েছে। পদে পদে দালালদের প্রতারণায় মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই খাতকে দালালমুক্ত না করা গেলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।
তিনি আরও বলেন, পৃথিবীতে যেখানে তারুণ্যের সংকট, সেখানে বাংলাদেশ তারুণ্যে ভরপুর। এই তরুণ জনশক্তিই দেশের সবচেয়ে বড় সম্পদ। সারা বিশ্বের বিভিন্ন দেশ এখন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। সুযোগ থাকলেও আমরা নিজেদের তৈরি করতে পারছি না বলেই পিছিয়ে পড়ছি।
ড. ইউনূস বলেন, জাপানের মতো দেশগুলো এখন সরাসরি ভাষা পরীক্ষার ব্যবস্থা করছে, যাতে কাগজপত্রের জালিয়াতি বন্ধ করা যায়। এটি আমাদের ব্যবস্থাপনার দুর্বলতার দিকটি স্পষ্ট করে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সঠিক নিয়ম-কানুন, শৃঙ্খলা এবং দালালমুক্ত ব্যবস্থা নিশ্চিত করা গেলে বাংলাদেশের তরুণরা বিশ্বের যেকোনো দেশের তরুণদের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।