নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় আজ বুধবার দুপুর ২টা থেকে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টার—আইভিএসি জেএফপি বন্ধ ঘোষণা করা হয়েছে।
আইভ্যাক বাংলাদেশের ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে জানানো হয়, উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে আজ দুপুর ২টার পর ভিসা সেন্টারে আর কোনো কার্যক্রম চলবে না। এ সময় যেসব আবেদনকারীর ভিসা আবেদন জমা দেওয়ার কথা ছিল, তাদের জন্য পরবর্তীতে নতুন সময় নির্ধারণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।
এদিকে, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সব খুনিদের দেশে ফিরিয়ে দেওয়া এবং ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল, মিডিয়া ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের প্রতিবাদে আজ ‘মার্চ টু হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা করেছে ‘জুলাই ঐক্য’।
চব্বিশের গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করা এই ঐক্যবদ্ধ মোর্চার উদ্যোগে বুধবার বিকাল ৩টায় রাজধানীর রামপুরা ব্রিজ থেকে কর্মসূচিটি শুরু হবে। এ বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।