স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করা একটি সাধারণ বিষয়। তিনি বলেন, ঢাকাও প্রয়োজনে তাদের হাইকমিশনারকে তলব করে থাকে।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে বিকেএমইএর প্রধান কার্যালয়ে পুলিশ ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের পর কোনো প্রার্থী যদি নিজস্ব ইচ্ছায় নির্বাচন থেকে সরে আসে, সেটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। নির্বাচনে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই।
তিনি বলেন, ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান বিন হাদির সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা ওসমান হাদিকে দেশের জন্য একজন “জুলাই যোদ্ধা” হিসেবে উল্লেখ করে তার অবদানকে অতুলনীয় আখ্যায়িত করেন।
এ সময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে আরও নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহবান জানান।
এর আগে বিকেএমইএ’র পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও শিল্প পুলিশের জন্য ৬টি পুলিশ ভ্যান স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, শিল্প পুলিশের প্রধান গাজী জসিম উদ্দিন, ঢাকা রেঞ্জের ডিআইজিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম।