সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় শহিদ হওয়া ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ আগামী ২০ ডিসেম্বর দেশে ফেরানো হবে। দেশে প্রত্যাবর্তনের পর তাদের জন্য যথাযথ মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
বুধবার (১৭ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সেনাবাহিনী।
সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৩ ডিসেম্বর আবেই এলাকার কাদুগলি লজিস্টিকস ঘাঁটিতে সশস্ত্র গোষ্ঠী কর্তৃক পরিচালিত ড্রোন হামলায় মোট ৯ জন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হন। তাদের মধ্যে একজন ইতিমধ্যেই চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেছেন।
শাহাদাতবরণকারী শান্তিরক্ষীরা হলেন: কর্পোরাল মো. মাসুদ রানা, নাটোর, সৈনিক মো. মমিনুল ইসলাম, কুড়িগ্রাম, সৈনিক শামীম রেজা, রাজবাড়ী, সৈনিক শান্ত মণ্ডল, কুড়িগ্রাম, মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কিশোরগঞ্জ, লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া, গাইবান্ধা
সেনাবাহিনী জানিয়েছে, আহত শান্তিরক্ষীদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হয়েছে এবং বর্তমানে সবাই শঙ্কামুক্ত আছেন।