আগামী ২৬ ডিসেম্বর এবার সিলেট পর্ব দিয়ে শুরু হচ্ছে দেশের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএলের আসন্ন দ্বাদশ আসর। অনেকে এবারের বিপিএল বেশ চ্যালেঞ্জিং মনে করলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিপিএলকে চ্যালেঞ্জ বলার কারণ জানেন না।
তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, বিপিএল এর ১২তম আসরকে কেন চ্যালেঞ্জ বলা হচ্ছে তা তিনি বুঝতে পারছেন না। তিনি বলেন আগের সব আসরে ভালো ও মন্দ সব ধরনের অভিজ্ঞতাই রয়েছে আমাদের।
তিনি আরও বলেন আমাদের হাতে সময় কম ছিল, তাও আমরা চেষ্টা করেছি বিপিএলটাকে সুন্দরভাবে সাজানোর। আমাদের মূল লক্ষ্য শুধু ভালো ক্রিকেট উপহার দেওয়া নয় এর মাধ্যমে বিপিএলকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেও দেখা হচ্ছে যা একটা ইভেন্ট নয়, একটা হাই পারফর্মিং এনভায়রনমেন্ট।
অভ্যন্তরীণ কাজের অগ্রগতি জানিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘গভর্নিং কাউন্সিলিং বোর্ডের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন স্টেকহোল্ডাররা আমাদের সাহায্য করছেন। কাজ খুব দ্রুতগতিতে এগিয়ে চলছে।’