| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ওসমান হাদির অবস্থা এখনও অত্যন্ত সংকটাপন্ন

  • আপডেট টাইম: 18-12-2025 ইং
  • 156993 বার পঠিত
ওসমান হাদির অবস্থা এখনও অত্যন্ত সংকটাপন্ন

সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে গেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান।

বুধবার সিঙ্গাপুরে হাদিকে পরিদর্শনের পর রাত ৯টা ৪০ মিনিটে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেন। এ সময় ড. ভিভিয়ান বালাকৃষ্ণান জানান, শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন। বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ জানান, হাদির সর্বশেষ সিটিস্ক্যানে দেখা গেছে তার ব্রেনে স্কেমিয়া আরও কিছুটা বেড়েছে। বর্তমানে তার হার্ট, ফুসফুস ও কিডনি ভেন্টিলেশন সাপোর্টে সচল রয়েছে। ইউরিন আউটপুটও সাপোর্টের মাধ্যমে বজায় আছে।

উন্নত চিকিৎসার জন্য সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুর পাঠানো হয়। তার চিকিৎসার সব খরচ সরকার বহন করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা।

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। রোববার প্রধান উপদেষ্টার নির্দেশে এক জরুরি কল কনফারেন্সের মাধ্যমে তাকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় র‌্যাব ও পুলিশ এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মূল অভিযুক্ত ফয়সালের স্ত্রী, শ্যালক, ঘনিষ্ঠ বান্ধবী, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিকসহ ফয়সালের বাবা-মা।

এরই মধ্যে কয়েকজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়েছে এবং অভিযুক্তদের বাবা-মা আদালতে জবানবন্দি দিয়েছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪