চব্বিশের জুলাই-আগস্টে আন্দোলন দমনের নামে হত্যাযজ্ঞ চালানোর অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাত জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
বৃহস্পতিবার ( ১৮ ডিসেম্বর ) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর রেজিস্ট্রারের কাছে এসব অভিযোগ দাখিল করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।
অভিযোগভুক্ত অন্যরা হলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।
এর আগে, গত ৮ ডিসেম্বর প্রসিকিউশন এই সাত জনের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শেষ হওয়ার তথ্য জানায়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিলের মধ্য দিয়ে আলোচিত এই মামলার বিচারিক প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।