জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির সিঙ্গাপুরে জরুরি অস্ত্রোপচার করা হবে। পরিবারের পক্ষ থেকে অস্ত্রোপচারের অনুমতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ( ১৮ ডিসেম্বর ) ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে অ্যাডমিনের দেওয়া এক পোস্টে এসব তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, ওসমান হাদি বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন এবং সিঙ্গাপুরেই তার অপারেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পোস্টে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে। একই সঙ্গে বলা হয়, কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে তিনি শহীদের কাতারে শামিল হলে দেশের স্বাধীনতাকামী জনতাকে সার্বভৌমত্ব নিশ্চিতকরণে শাহবাগে জড়ো হওয়ার আহবান জানানো হবে।
এতে আরও বলা হয়, খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে এবং পুরো বাংলাদেশ অচল করে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়। পাশাপাশি অভিযুক্ত ব্যক্তি ভারতে পালিয়ে গেলে ভারত সরকারের সঙ্গে আলোচনা করে তাকে ফেরত আনার দাবি জানানো হয়েছে।
এর আগে বুধবার রাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি।