ঝালকাঠির নলছিটি উপজেলার খাসমহল গ্রামে এসেছে নিস্তব্ধতা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বৃহস্পতিবার রাত থেকে গ্রামজুড়ে নেমে আসে শোকের ছায়া। পথে পথে ভিড়, কান্না আর চাপা ক্ষোভে ভারি হয়ে ওঠে পুরো এলাকা।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে হাদির গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজন ও প্রতিবেশীদের শোকার্ত ভিড়। সবার কণ্ঠে একই দাবি, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
জুলাই অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে হাদির রাজনৈতিক পরিচিতি গড়ে ওঠে। সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণাও দিয়েছিলেন।
এই রাজনৈতিক তৎপরতার মধ্যেই শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকার বিজয়নগর এলাকায় গণসংযোগে গিয়ে হামলার শিকার হন তিনি। পরে ওই রাতেই তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি মারা যান।