ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী শহিদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জানাজা ঘিরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এক হাজার বডি ওর্ন ক্যামেরাসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
ডিএমপি সূত্র জানায়, জনসমাগম নির্বিঘ্ন রাখতে ও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জানাজার স্থান ও আশপাশের এলাকায় সার্বক্ষণিক নজরদারি থাকবে।
এদিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শনিাবর (২০ ডিসেম্বর) দুপুর ২টায় শহিদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বিপুল সংখ্যক লোক সমাগম হবে। সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে রাজধানীর কয়েকটি সড়কে যান চলাচল সীমিত থাকবে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিশেষ নির্দেশনা জারি করেছে।
ডিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, জানাজার সময় মানিক মিয়া এভিনিউতে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। বিশেষ করে খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখা হবে। নগরবাসীকে যানজট এড়াতে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।