মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) পেসারদের দাপট যেন থামছেই না। ১৩০ বছরের পুরোনো এক রেকর্ড ছুঁয়ে ম্যাচের প্রথম দিনেই পড়েছে ২০ উইকেট। শনিবার দ্বিতীয় দিনেও সেই ধারাবাহিকতা বজায় থাকল। ইংল্যান্ডের পেস আক্রমণের মুখে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩২ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসের ৪২ রানের লিড যোগ করে সফরকারীদের সামনে ১৭৫ রানের লক্ষ্য ছুড়ে দেয় স্বাগতিকরা।
দ্বিতীয় দিনের মধ্যাহ্ন বিরতির পর মাত্র ১০ ওভার ব্যাটিংয়ের সুযোগ পায় অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথদের ইনিংস শেষ হয় ৩৪.৩ ওভারে। গত ৩০ বছরে চলমান কোনো টেস্ট ম্যাচে দুই ইনিংস মিলিয়ে অস্ট্রেলিয়া সবচেয়ে কম বল খেলেছে—মোট ৪৭৯ বল। একই সঙ্গে দুই ইনিংস মিলিয়ে তাদের মোট রান ২৮৪, যা ২০০০ সালের পর টেস্টে তৃতীয় সর্বনিম্ন।
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন ট্রাভিস হেড। ৬৭ বলের ইনিংসে ছিল ৪টি চার। ক্যামেরন গ্রিন করেন ১৯ রান। স্টিভ স্মিথ ২৪ রানে অপরাজিত থাকলেও দলকে বড় সংগ্রহ এনে দিতে পারেননি। অ্যাশেজে তার মোট রান দাঁড়িয়েছে ৩৫৫৩—অ্যালান বোর্ডারের রেকর্ড থেকে মাত্র ৫ রান দূরে ছিলেন তিনি।
এর আগে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৪৫.২ ওভারে ১৫২ রানে অলআউট হয়। জবাবে ইংল্যান্ড ২৯.৫ ওভারে মাত্র ১১০ রান তুলতেই গুটিয়ে যায়। ফলে প্রথম ইনিংস শেষে অস্ট্রেলিয়া পায় ৪২ রানের লিড।
ইংল্যান্ডের বোলারদের মধ্যে ব্রাইডন কার্স সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন। বেন স্টোকস নেন ৩টি, জশ টাং ২টি উইকেট। চোটের কারণে গাস অ্যাটকিনসন ৫ ওভারের বেশি বল করতে না পারলেও শিকার করেন ১টি উইকেট।
গতির ঝড় ও সুইংয়ের নিখুঁত মিশেলে এমসিজির পিচে পেসারদের দাপট প্রথম দিনের চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠেছে বলে উল্লেখ করেছে ক্রিকেট বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, কঠিন এই লক্ষ্যে ইংল্যান্ড কতটা টিকে থাকতে পারে।