| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অস্ট্রেলিয়ায় ‘জয়ের’ স্বাদ পেল ইংল্যান্ড

  • আপডেট টাইম: 27-12-2025 ইং
  • 137689 বার পঠিত
অস্ট্রেলিয়ায় ‘জয়ের’ স্বাদ পেল ইংল্যান্ড

মেলবোর্নে মাত্র দুই দিনে শেষ হওয়া এক অবিশ্বাস্য ও অদ্ভুত টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ায় টানা ১৮ ম্যাচের জয়খরা কাটিয়েছে ইংল্যান্ড। একই সঙ্গে অ্যাশেজ সিরিজে হোয়াইটওয়াশের লজ্জাও এড়াল সফরকারীরা। চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে সিরিজে ব্যবধান কমিয়ে আনে ইংল্যান্ড, স্কোরলাইন দাঁড়ায় ৩–১।

এই ম্যাচের মাধ্যমে টেস্ট ইতিহাসে মাত্র পঞ্চমবার কোনো সিরিজে একাধিক ম্যাচ দুই দিনের মধ্যে শেষ হলো। চলতি গ্রীষ্মের আগে অস্ট্রেলিয়ার মাটিতে এমন ঘটনা ঘটেছিল ইতিহাসে মাত্র দুইবার, যেখানে প্রথম দিনেই পড়েছিল ২০ উইকেট।

১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় দিন মাত্র ৩৩ ওভারেই ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ইংল্যান্ড। চার উইকেটের এই জয় উদযাপনে মেলবোর্নে উপস্থিত হাজারো ইংলিশ সমর্থক উল্লাসে ভাসেন।

এর আগে কঠিন উইকেটে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র ১৩২ রানে গুটিয়ে দেয় ইংল্যান্ডের বোলাররা। ব্রাইডন কার্স ৩৪ রানে নেন ৪ উইকেট, অধিনায়ক বেন স্টোকস শিকার করেন ২৪ রানে ৩টি উইকেট। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন ট্রাভিস হেড। ভারপ্রাপ্ত অধিনায়ক স্টিভেন স্মিথ অপরাজিত থাকেন ২৪ রানে।

ব্যাটিংয়ে নাটকীয়তা বাড়ে যখন পিঞ্চ হিটার হিসেবে তিন নম্বরে নামেন ব্রাইডন কার্স। ওপেনিংয়ে জ্যাক ক্রলি ও বেন ডাকেট মাত্র ৬.৫ ওভারে যোগ করেন ৫১ রান—এটাই ছিল চলতি সিরিজে ইংল্যান্ডের সর্বোচ্চ ওপেনিং জুটি। ক্রলি করেন ৩৭ রান, ডাকেটের ব্যাট থেকে আসে ৩৪।

দলে ফিরে নিজের জায়গার যৌক্তিকতা প্রমাণ করেন জ্যাকব বেথেল। তিনি ৪৬ বলে করেন গুরুত্বপূর্ণ ৪০ রান। শেষ পর্যন্ত হ্যারি ব্রুকের থাই প্যাডে লেগে আসে জয়সূচক রান।

উইকেটের চরিত্র নিয়ে আলোচনা চলবে বলেই ধারণা করা হচ্ছে, কারণ এই ম্যাচ আবারও টেস্ট ক্রিকেটে দ্রুত পতনের নজির গড়েছে।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া: ১৫২ ও ১৩২

ইংল্যান্ড: ১১০ ও ১৭৮/৬

ফল: ইংল্যান্ড ৪ উইকেটে জয়ী

ম্যাচসেরা: জশ টাং (৫/৪৫ ও ২/৪৪)

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪