| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান

  • আপডেট টাইম: 27-12-2025 ইং
  • 137678 বার পঠিত
বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন মো. রাশেদ খান। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন তিনি।

যোগদান অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বিএনপিতে যোগ দিয়েছেন। বিএনপি সিদ্ধান্ত নিয়েছে আসন্ন নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে তাকে দলের মনোনয়ন দেওয়া হবে।

এ সময় তিনি ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সব নেতাকর্মীকে মো. রাশেদ খানের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এর আগে শুক্রবার (২৬ ডিসেম্বর) গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেন রাশেদ খান। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রামে একসঙ্গে থাকার স্মৃতি তার কাছে গুরুত্বপূর্ণ।

পদত্যাগপত্রে রাশেদ খান আরও লেখেন, তার আচরণ বা বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছেন। দলীয় প্রধানের সম্মতিক্রমে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও পারস্পরিক সম্পর্ক ভ্রাতৃত্বের বন্ধনে অটুট থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করে দলের সাধারণ সম্পাদক পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানান এবং গণ অধিকার পরিষদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪