| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজশাহীকে হারিয়ে বিপিএলে শুভসূচনা ঢাকার

  • আপডেট টাইম: 27-12-2025 ইং
  • 137475 বার পঠিত
রাজশাহীকে হারিয়ে বিপিএলে শুভসূচনা ঢাকার

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের প্রথম ম্যাচেই জয় দিয়ে শুরু করল ঢাকা ক্যাপিটালস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সকে ৫ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে রাজধানীর দলটি।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রাজশাহী ওয়ারিয়র্স। তবে ইনিংসের শুরুতেই বড় ধাক্কা খায় দলটি। প্রথম বলেই গোল্ডেন ডাক খেয়ে সাজঘরে ফেরেন ওপেনার সাহিবজাদা ফারহান। এরপর তানজিদ হাসান তামিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কিছুটা প্রতিরোধ গড়লেও বড় ইনিংস খেলতে পারেননি। তানজিদ করেন ২০ রান, আর আগের ম্যাচের সেঞ্চুরিয়ান শান্ত থামেন ৩৭ রানে।

মধ্যক্রমে মোহাম্মদ নেওয়াজ ২৬ ও মুশফিকুর রহিম ২৪ রান করলেও অন্য ব্যাটারদের ব্যর্থতায় বড় সংগ্রহ গড়া হয়নি রাজশাহীর। শেষ পাঁচ ওভারে মাত্র ২৬ রান তুলতে পারে দলটি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে রাজশাহীর সংগ্রহ দাঁড়ায় ১৩২ রান।

ঢাকা ক্যাপিটালসের বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন ইমাদ ওয়াসিম। ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে নেন সর্বোচ্চ ৩টি উইকেট। এছাড়া নাসির হোসেন নেন দুটি উইকেট, আর বাকি তিনটি উইকেট ভাগ করে নেন তিন বোলার।

১৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঢাকার শুরুটাও ছিল নড়বড়ে। ইনিংসের দ্বিতীয় ওভারেই ১ রান করে আউট হন সাইফ হাসান। আরেক ওপেনার উসমান খান করেন ১৫ বলে ১৪ রান। অধিনায়ক মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকেও আসে মাত্র ১২ রান।

তবে চাপের মধ্যে দলের হাল ধরেন আব্দুল্লাহ আল মামুন। টপ অর্ডারের মধ্যে সর্বোচ্চ ইনিংস খেলেন তিনি। ৩৮ বলে ৪৫ রান করে আউট হন এই ব্যাটার। নাসির হোসেন করেন ১৯ রান।

শেষদিকে সাব্বির রহমান রুম্মন ও শামিম হোসেন পাটোয়ারির ব্যাটে সহজ জয় নিশ্চিত করে ঢাকা। সাব্বির ১০ বলে ২১ ও শামিম ১৩ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন। ৭ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় নিশ্চিত করে ঢাকা ক্যাপিটালস।

রাজশাহীর পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নেন মোহাম্মদ নেওয়াজ। একটি করে উইকেট শিকার করেন তানজিম হাসান সাকিব ও সন্দীপ লামিচানে।

এই জয়ের মাধ্যমে বিপিএলে আত্মবিশ্বাসী সূচনা পেল ঢাকা ক্যাপিটালস, আর চলতি আসরে প্রথম হারের মুখ দেখল রাজশাহী ওয়ারিয়র্স।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪