সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে আজকের নির্ধারিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর দুটি ম্যাচ বাতিল করা হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, খালেদা জিয়ার মৃত্যুতে দেশে শোক বিরাজ করছে। প্রয়াত নেত্রীর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আজ নির্ধারিত সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্সের ম্যাচ বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ম্যাচগুলো নতুন সূচিতে অনুষ্ঠিত হবে এবং সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হবে।
খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আইসিইউতে অবস্থানকালে তার স্বাস্থ্য খুবই জটিল ছিল। ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, তিনি সুস্থ হতে পারেননি। তিনবারের প্রধানমন্ত্রী এবং দেশের প্রথম নারী নেতা খালেদা জিয়া না ফেরার দেশে চলে গেলেন।