সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখো মানুষের ঢল নেমেছে। বিপুল জনসমাগম সামাল দিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ খুলে দিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টার পর জানাজায় অংশ নিতে আসা সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের ভিড় বাড়তে থাকলে জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে দক্ষিণ প্লাজার প্রবেশ পথ উন্মুক্ত করা হয়। গেট খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে বিপুল সংখ্যক মানুষ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এলাকায় প্রবেশ করেন। জানাজার জন্য দক্ষিণ প্লাজার দুটি বড় মাঠ উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে শোকার্ত মানুষের ঢল নামে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের চোখেমুখে একজন আপসহীন দেশনেত্রীকে হারানোর গভীর শোক স্পষ্ট। জানাজায় অংশ নিতে আসা এক ব্যক্তি বলেন, “নিজের টাকা খরচ করে প্রিয় নেত্রীর জানাজায় অংশ নিতে এসেছি। এই অবস্থায় ঘরে বসে থাকা সম্ভব নয়। বাংলাদেশের ইতিহাসে এমন সাহসী ও দেশপ্রেমিক নেত্রী আর আসবে কি না জানি না। শেষ বিদায় জানাতেই চলে এসেছি।”
এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার দপ্তর জানায়, বুধবার দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এদিকে জানাজা ও দাফন কার্যক্রমকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। জানাজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এবং নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে।