| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এমবাপ্পের ‘চোট’ রিয়াল মাদ্রিদের জন্য বড় ধাক্কা

  • আপডেট টাইম: 01-01-2026 ইং
  • 132945 বার পঠিত
এমবাপ্পের ‘চোট’ রিয়াল মাদ্রিদের জন্য বড় ধাক্কা

নতুন বছরটা ভালো কিছুর আশায় শুরু করতে চেয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে বছরের শুরুতেই বড় ধাক্কা খেল স্প্যানিশ জায়ান্টরা। দলের সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপ্পের চোটে চিন্তায় পড়েছে লস ব্লাঙ্কোসরা।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রিয়াল মাদ্রিদ জানায়, ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পের বাঁ হাঁটুতে মচকেছে। চোটের মাত্রা কিংবা তিনি কতদিন মাঠের বাইরে থাকবেন, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। ক্লাবের পক্ষ থেকে শুধু বলা হয়েছে, তার অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।

নতুন বছরের প্রথম ম্যাচে আগামী রোববার লা লিগায় রিয়াল বেতিসের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে এমবাপ্পের না খেলা প্রায় নিশ্চিত বলেই ধারণা করা হচ্ছে।

তবে সবচেয়ে বড় দুশ্চিন্তা স্প্যানিশ সুপার কাপকে ঘিরে। আগামী বৃহস্পতিবার সৌদি আরবের জেদ্দায় সুপার কাপের সেমিফাইনালে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে রিয়াল। সে ম্যাচে জয় পেলে ১১ জানুয়ারি ফাইনালে খেলবে তারা, যেখানে প্রতিপক্ষ হবে বার্সেলোনা ও আথলেতিক বিলবাওয়ের মধ্যকার ম্যাচের জয়ী দল। এমবাপ্পের চোটের কারণে এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে তার অংশগ্রহণ নিয়েই বড় শঙ্কা তৈরি হয়েছে।

স্পেনের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে এমবাপ্পেকে। ক্রীড়া দৈনিক মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, সুপার কাপের জন্য রিয়ালের সৌদি আরব সফরেও তার থাকা হচ্ছে না।

এ ছাড়া ১৭ জানুয়ারি লা লিগায় লেভান্তের বিপক্ষে ম্যাচ এবং ২০ জানুয়ারি চ্যাম্পিয়ন্স লিগে নিজের সাবেক ক্লাব মোনাকোর বিপক্ষে ম্যাচেও এমবাপ্পের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের আক্রমণের মূল ভরসা এমবাপ্পে। লা লিগায় এখন পর্যন্ত ১৮ গোল করে শীর্ষ গোলদাতা তিনি। লিগে রিয়ালের খেলা ১৮টি ম্যাচের প্রতিটিতেই শুরুর একাদশে ছিলেন এই ফরাসি তারকা।

গত ১১ ডিসেম্বর ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে খেলতে না পারলেও, পরবর্তী তিন ম্যাচে পুরো সময় মাঠে ছিলেন তিনি। বিদায়ী বছরে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৯ গোল করে রিয়াল মাদ্রিদের হয়ে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ গোলের রেকর্ডেও ভাগ বসিয়েছেন এমবাপ্পে।

এমন গুরুত্বপূর্ণ সময়ে তার চোট নতুন বছরের শুরুতেই রিয়াল মাদ্রিদের জন্য বড় ধাক্কা হয়ে দেখা দিয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪