বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) দলে নেওয়ার পর তীব্র রাজনৈতিক বিতর্কের মুখে পড়েছেন বলিউড তারকা শাহরুখ খান। কেকেআরের মালিক হওয়ায় তাকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়েছেন একাধিক হিন্দু ধর্মগুরু ও বিজেপি নেতা।
বিতর্কিত পক্ষের বক্তব্য, মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিয়ে তার প্রাপ্ত পারিশ্রমিক বাংলাদেশে সংখ্যালঘু ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের মধ্যে বিতরণ করা হোক। হিন্দু ধর্মগুরু দেবকীনন্দন ঠাকুর ভারতের সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, “বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর সহিংসতার প্রেক্ষাপটে কেকেআরের উচিত মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়া।” তিনি আরও দাবি করেছেন, ক্রিকেটারকে দেওয়া ৯.২ কোটি রুপি ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের মধ্যে বিতরণ করা হলে তা ‘ক্ষমা’ প্রকাশের সমতুল্য হবে।
এই ইস্যুতে পাল্টা প্রতিক্রিয়ায় কংগ্রেস দল বিষয়টিকে ভারতের বহুত্ববাদ ও সমন্বয়ের জন্য একটি আঘাত হিসেবে উল্লেখ করেছে। রাজনৈতিক ও সামাজিক মহলে বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক চলছে।