| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠায় অধ্যাদেশ জারি

  • আপডেট টাইম: 02-01-2026 ইং
  • 141953 বার পঠিত
বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠায় অধ্যাদেশ জারি

বাণিজ্যিক বিরোধ দ্রুত ও কার্যকরভাবে নিষ্পত্তির লক্ষ্যে দেশে বিশেষায়িত বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার জন্য একটি অধ্যাদেশ জারি করেছে সরকার। বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নকে আরও গতিশীল করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এ অধ্যাদেশ জারি করে। সংসদ ভেঙে থাকা অবস্থায় জরুরি পরিস্থিতি বিবেচনায় নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই অধ্যাদেশ প্রণয়ন ও জারি করেন।

অধ্যাদেশের মাধ্যমে বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তির জন্য বিশেষ আদালত গঠনের পাশাপাশি এ সংক্রান্ত আনুষঙ্গিক বিষয়াবলির বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকারের আশা, এই উদ্যোগ ব্যবসা-বাণিজ্যে আস্থা বৃদ্ধি করবে এবং দেশকে আরও বিনিয়োগবান্ধব করে তুলবে।

এর আগে গত বছরের ২২ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট সারাদেশে বিশেষায়িত বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার একটি প্রস্তাব আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে পাঠায়। ওই সময় প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্যিক বিরোধ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে দেশের বিনিয়োগ পরিবেশকে আরও স্বচ্ছ ও গতিশীল করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

প্রস্তাবে ব্যবসায়ী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, আমদানি-রপ্তানি কার্যক্রম, বিমান ও নৌপরিবহন, নির্মাণ ও অবকাঠামো প্রকল্প, ফ্র্যাঞ্চাইজ চুক্তি, বিতরণ ও লাইসেন্সিং, প্রযুক্তি উন্নয়ন, ট্রেডমার্ক, কপিরাইট, পেটেন্ট, শিল্প নকশা, ডোমেইন নাম, ভৌগোলিক নির্দেশক, বীমা, অংশীদারিত্ব চুক্তি, পরিষেবা খাত এবং শেয়ারহোল্ডার বা যৌথ উদ্যোগ সংক্রান্ত বিরোধকে বাণিজ্যিক আদালতের এখতিয়ারভুক্ত করার কথা বলা হয়।

বিশেষজ্ঞদের মতে, এই অধ্যাদেশ কার্যকর হলে আধুনিক বাণিজ্য ও বিনিয়োগ সংশ্লিষ্ট প্রায় সব ধরনের বিরোধ বিশেষায়িত আদালতের মাধ্যমে নিষ্পত্তির সুযোগ সৃষ্টি হবে, যা দেশীয় ও বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪