| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অনুমতি মিললো ঢাকা-করাচি ফ্লাইটের

  • আপডেট টাইম: 02-01-2026 ইং
  • 141926 বার পঠিত
অনুমতি মিললো ঢাকা-করাচি ফ্লাইটের

ঢাকা থেকে করাচিতে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শুক্রবার (২ জানুয়ারি) পাকিস্তানের সংবাদমাধ্যম সামা নিউজ এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি এই অনুমোদনকে আঞ্চলিক বিমান যোগাযোগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেছে। তারা বলেছে, নতুন বছরে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে আকাশ যোগাযোগে এটি একটি নতুন অধ্যায়ের সূচনা।

সূত্র জানায়, পাকিস্তান সরকারের আনুষ্ঠানিক অনুমোদনের পর দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ঢাকা-করাচি রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়।

প্রাথমিকভাবে এই অনুমোদন ২০২৬ সালের ৩০ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। এরপর প্রয়োজন অনুযায়ী অনুমোদন পুনর্বিবেচনা করা হতে পারে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নির্ধারিত ও অনুমোদিত রুট ব্যবহার করে পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করতে পারবে। তবে পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত রুট কঠোরভাবে অনুসরণ করতে হবে।

এছাড়া করাচি আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে একটি আলাদা স্লট বরাদ্দ দেওয়া হয়েছে। ঢাকা থেকে ফ্লাইট ছাড়ার আগে করাচি বিমানবন্দর কর্তৃপক্ষকে ফ্লাইটের বিস্তারিত তথ্য জানাতে হবে এবং অপারেশনাল সমন্বয় ও নিরাপত্তা সংক্রান্ত সব শর্ত পূরণ করতে হবে।

পাকিস্তানের বিমান চলাচল সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, ঢাকা ও করাচির মধ্যে সরাসরি ফ্লাইট চালু হলে দুই দেশের জনগণ উপকৃত হবে। এতে ভ্রমণ সুবিধা বাড়বে, জনগণের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে এবং ব্যবসা ও বাণিজ্য সম্প্রসারণের নতুন সুযোগ সৃষ্টি হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪