ওমানের রাজধানী মাস্কাটে সড়ক দুর্ঘটনায় চারজন বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) সকালে মাস্কাটের ঘোবরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের বাড়ি কুমিল্লায় এবং বাকি দুজন কক্সবাজার জেলার বাসিন্দা। এদের মধ্যে কক্সবাজারের পরিচয় শনাক্ত হওয়া দুজন হলেন—উখিয়া উপজেলার প্রদীপ কুমার ও রামু উপজেলার লোকমান হাকিম। অন্য দুজনের পরিচয় জানার চেষ্টা চলছে।
প্রতিবেশী ও সহকর্মীদের বরাতে জানা গেছে, কাজ শেষে একটি গাড়িতে করে তারা বাড়ি ফিরছিলেন। পথে অন্য একটি গাড়ির সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুর্ঘটনাটি ভয়াবহ রূপ নেয়। আহত অবস্থায় তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা চারজনকেই মৃত ঘোষণা করেন।
বর্তমানে নিহতদের মরদেহ মাস্কাটের কুলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ওমানের বাংলাদেশ দূতাবাস বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানিয়েছে। দূতাবাস সূত্রে জানা গেছে, স্থানীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে নিহতদের মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।
দুর্ঘটনার খবরে নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।