বাংলাদেশ নিজেরাই আগামী নির্বাচন আয়োজন করছে, এবং বহির্বিশ্ব থেকে কোনো চাপ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। শনিবার ( ২ জানুযারি ) মুন্সিগঞ্জে সরকারি দপ্তর প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা নিজেরাই নির্বাচনের আয়োজন করছি। সময় সংক্ষিপ্ত, ১২ ফেব্রুয়ারি সরকার নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবে। তাই বহির্বিশ্বের কোনো চাপের বিষয় নেই। অন্যান্য দেশ বাংলাদেশের সঙ্গে কতটুকু ভালো সম্পর্ক রাখবে, সেটা তাদের বিষয়।
ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফেরত আনার বিষয়ে তিনি বলেন, বিচার নিয়ে তাড়াহুড়োর সুযোগ নেই। আমরা চেষ্টা করছি, তবে জড়িতদের নির্দিষ্ট অবস্থান জানা নেই। তথ্য পাওয়া গেলে ভারত সরকারকে তাদের ধরার জন্য বলা হতো।
তিনি আরও বলেন, বিচার সময় বেঁধে হয় না, তারপরও সরকার চেষ্টা করছে আসামিদের দ্রুত বিচারের মুখোমুখি আনার।
এর আগে সকালেই পররাষ্ট্র উপদেষ্টা মুন্সিগঞ্জের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি দেন এবং ৪ আগস্ট নিহত তিন শহীদের কবর জিয়ারত করেন। এ সময় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মেনহাজুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।