কারওয়ান বাজার মোড়ে ফের মোবাইল ফোন ব্যবসায়ীদের অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
রোববার ( ৪ জানুয়ারি ) দুপুর ১টা ৩৫ মিনিট থেকে শুরু হওয়া সংঘর্ষে অতিরিক্ত পুলিশ, সেনা ও র্যাব সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি) পরিবারসহ অবস্থান কর্মসূচি শুরু করেন। তারা ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা চালু, বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের মুক্তিসহ কয়েক দফা দাবিতে এই কর্মসূচি আয়োজন করে।
প্রতিবাদকারীরা সড়কে বসে বিভিন্ন স্লোগান দেয়ার ফলে বসুন্ধরা থেকে কারওয়ান বাজার পর্যন্ত যান চলাচল ব্যাহত হয়। পুলিশ প্রথমে লাঠিপেটা ও জলকামান ব্যবহার করে ব্যবসায়ীদের সরিয়ে দেয়। পরে কিছু ব্যবসায়ী ফের সড়কে বসে পড়লে পুলিশ পুনরায় লাঠিপেটা, জলকামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
দেশে মোবাইল ফোন বাজারে অবৈধ হ্যান্ডসেট ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে সরকার ১ জানুয়ারি থেকে এনইআইআর কার্যক্রম শুরু করেছে। এই ব্যবস্থার মাধ্যমে সব ফোনের আইএমইআই নম্বর জাতীয় ডাটাবেজে যুক্ত হবে। বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের অসন্তোষ চলছিল।